Powered by Blogger.

Popular Posts

Showing posts with label telecom news. Show all posts

মোবাইল অপারেটরদের ১৩টি সেবা নিশ্চিত করতে বিটিআরসির নির্দেশ


দেশের মোবাইল ফোন অপারেটরদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ১৩টি সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এতে ভয়েস কল, এসএমএস ও ইন্টারনেট সেবার পাশাপাশি গ্রাহকদের অভিযোগ ব্যবস্থাপনার মানও নিয়মিতভাবে পর্যবেক্ষণের আওতায় আসবে। দেশের ১১ কোটিরও বেশি সেলফোন গ্রাহকের সেবার মান নিশ্চিত করতে এ নির্দেশনা ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি জারি করা এ নির্দেশনা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।

নির্দেশনায় উল্লেখ করা মানদণ্ড অনুযায়ী ১৩টি বিষয়ে অপারেটরদের সেবার মান নির্ধারিত হবে। এর মধ্যে রয়েছে ভয়েস কল এবং এসএমএস, ইন্টারনেট সেবার গতি ও নেটওয়ার্ক। প্রতিটি ক্ষেত্রেই বেঁধে দেয়া মানদণ্ড অনুযায়ী সেবা দিতে হবে অপারেটরদের। তা নিশ্চিত করতে নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে বিটিআরসি। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা তথ্য নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষণে বাধ্যবাধকতা দেয়া হয়েছে।

দেশে সেলফোন অপারেটরদের জন্য সেবার মানদণ্ড নির্দিষ্ট করতে ২০০৯ সালে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ‘বিটিআরসি'র নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নতি করণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের প্রতিবেদনে কল ড্রপ হার, এসএমএস সেবাসহ বেশ কয়েকটি বিষয়ে মানদণ্ড নির্ধারণের সুপারিশ করা হয়। ওই প্রতিবেদন ও খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে এ নির্দেশনা তৈরি করা হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কিউওএসের মানদণ্ড নির্ধারণ, অপারেটরদের তুলনামূলক তথ্য তুলে ধরা ও সেবার মান নিশ্চিত করা বিটিআরসির দায়িত্বের মধ্যে পড়ে। এর মাধ্যমে গ্রাহকরা সহজে পছন্দ অনুযায়ী অপারেটরের সেবা গ্রহণ করতে পারবে। পাশাপাশি অপারেটরদের মধ্যেও সেবার মান নিশ্চিত করতে প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট ছকে প্রতি মাসে নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রতিবেদন জমা দিতে হবে অপারেটরদের। মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ প্রতিবেদন দাখিল করবে অপারেটররা। কমিশন চাইলে এ প্রতিবেদন প্রকাশ করতে পারবে। সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিটিআরসি। এক বছরের মধ্যে প্রত্যেক অপারেটরের বিদ্যমান নেটওয়ার্কের বিষয়েও একটি সারসংক্ষেপ জমা দিতে হবে।

গত প্রায় দেড় দশকে টেলিযোগাযোগ সেবার ব্যাপ্তির পাশাপাশি বেড়েছে এর মান নিয়ে গ্রাহকদের অভিযোগও। এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালার অনুপস্থিতির কারণেই সেবার মান নিয়ে অভিযোগ বাড়ছে। মূলত নেটওয়ার্ক বিচ্ছিন্নতা, নিম্নমানের ভয়েস সেবা, এসএমএস আদান-প্রদানের ক্ষেত্রে সময়ক্ষেপণ, কল ড্রপ ও অতিরিক্ত বিল আদায়সহ অপারেটরদের সেবার বিষয়ে আরো বেশ কিছু অভিযোগ রয়েছে গ্রাহকদের।

-বিটিআরসি ।।
Tag : ,

এবার গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক, তামিম ও নাসির


দেশের মোবাইল ফোন অপারেটরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর (শুভেচ্ছা দূত) হিসেবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে জাতীয় দলের চার ক্রিকেটার। বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলালিংকে এবং জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবাল এবং অলরাউন্ডার নাসির হোসেন গ্রামীণফোনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চুক্তি করেছেন। বৃহস্পতিবার গ্রামীণফোন দুই বছরের এবং বাংলালিংক এক বছরের চুক্তি করেছে।
এ ব্যাপারে গ্রামীণফোনের কর্পোরেটর কমিউনিকেশন্স বিভাগের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক বলেন, ক্রিকেটের সঙ্গে গ্রামীণফোন আগেও যুক্ত ছিল। এখন আবার এক্ষেত্রে আমরা অবদান রাখতে চাই।
সূত্র জানিয়েছে, প্রথম দিকে চার জনেরই গ্রামীনফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা থাকলেও পরে সাবিক আল হাসান হঠাৎ করেই বাংলালিংকের সঙ্গে চলে যান। গ্রামীণফোনের সঙ্গে এক পর্যায়ে সাকিবের ১ কোটি ১০ লাখ টাকায় বনিবনাও হয়ে গিয়েছিল। তবে বাংলালিংক থেকে তিনি পাচ্ছেন ৯০ লাখ টাকা। বৃহস্পতিবার গ্রামীণফোন চুক্তি শেষ করলেও বাংলালিংক আনুষ্ঠানিক চুক্তি করেছে শনিবার।
২৬ বছর বয়সী সাকিব বাংলাদেশের হয়ে ৩৩ টেস্টে ২ হাজার ১০০ রান করেছেন। তার ওয়ানডে রান তিন হাজারের ওপরে। টেস্ট আর ওয়ানডেতে তার উইকেট যথাক্রমে ৫৪ ও ১২৮টি। বেশ কয়েকবার বিশ্ব সেরা অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে ছিলেন তিনি।
দুই অপারেটর সূত্রে জানা গেছে, চার ক্রিকেটার তাদের প্রচারণাসহ অন্যান্য সুনাম বৃদ্ধিমূলক কাজ করবেন। বাংলালিংক জানিয়েছে সাকিবের ক্রিকেট সুনামকে কাজে লাগিয়ে বাংলালিংক তার প্রচার বাড়াবে। ইতিমধ্যে এ সংশ্লিষ্ট ফটোসেশনও হয়ে গেছে বলে জানিয়েছে সূত্র। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা।
Tag : ,

থ্রিজি চালুর পর দ্বিগুণ হল টেলিটকের গ্রাহক!



তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক থ্রিজি চালু পর বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে গতি এসেছে। থ্রিজিতে যুক্ত হওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে। টেলিটকের এমডি মুজিবুর রহমান বিডিনিউজ২৪.কমের সাথে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০১৪ সালের জানুয়ারিতে অপারেটরটির সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ লক্ষে উন্নীত হয়েছে।
২০১২ সালের মধ্য অক্টোবরে পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করেছিল টেলিটক। তখন তাদের ১৪ লাখের মত গ্রাহক ছিল।
ইতোমধ্যে দেশের সকল বিভাগীয় শহরে এবং ১৬টি জেলায় টেলিটকের থ্রিজি পৌঁছে দেয়া হয়েছে। এই বছর আরও ১০ জেলায় তাদের থ্রিজি নেটওয়ার্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন মুজিবুর রহমান।
বিটিআরসি’র তথ্য অনুযায়ী, বেসরকারি অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেয়ার পর গত সেপ্টেম্বর পর্যন্ত ১১ কোটি ১০ লাখের বেশি মোবাইল ফোন গ্রাহক ছিল। ২০১৩’র ডিসেম্বর নাগাদ এই সংখ্যা ১১ কোটি ৩৭ লাখের বেশি হয়।
তবে, বিটিআরসি সাইটের তথ্য অনুযায়ী, মোবাইল ও অন্য সকল প্রকার ইন্টারনেট সংযোগ কোম্পানির জমা দেয়া হিসেবমতে ৩১ ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ১৪৬ জন। কিন্তু গত বছর ৩১ আগস্ট পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ১৮ জন। সুতরাং এই ৪ মাসে দেশে ইন্টারনেট গ্রাহক ৪ লাখ ৫৮ হাজার ৮৭২ জন কমেছে! এক্ষেত্রে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪ লাখ ৬১ হাজার ৩৭০ জন।
এখানে বিটিআরসির সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের সকল মোবাইল অপারেটরের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হল। এখানে মিলিয়ন অংকে সংখ্যাগুলি দেয়া আছে। (১ মিলিয়ন = ১০ লাখ )

OperatorsActive Subscribers
GrameenPhone47.110
Banglalink28.838
Robi25.380
Airtel8.269
Citycell1.365
Teletalk2.822
Total113.784
Tag : ,

দুই বাঘ একসাথে .... বাংলালিংক আর সাকিব এবার হবে নতুন কিছু


দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম ঘোষণা করলো বিশ্বখ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশের গর্ব বিশ্বের এই এক নম্বর অলরাউন্ডারকে শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।

এখন থেকে সাকিব আল হাসান বাংলালিংকের নানা ধরনের প্রচারণামূলক কাজে অংশ নেবেন। পাশাপাশি বাংলালিংকের ভাবমূর্তি উজ্জ্বলতর করতে সাকিবকে দেখা যাবে নানা আয়োজনে। বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা রাজধানীর হোটেল ওয়েস্টইন-এ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ ফাইনান্সিয়াল অফিসার ইয়াসির আব্দেল হাকিম, চিফ টেকনোলজি অফিসার পেরিহেন এলহামি, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন, “বাংলালিংক এবং সাকিব আল হাসানের মধ্যে এই নতুন অধ্যায় যেন দুই বাঘের এক সঙ্গে হয়ে নতুন কিছু অর্জনের পথে প্রথম ধাপ। বাংলাদেশ ক্রিকেট অনন্য উচ্চতার নাম। এখানে গলির ভেতরে ছোট্ট শিশুরা টেনিস বলে টেপ জড়িয়ে যেমন ক্রিকেট খেলে, তেমনি পেশাদার ক্রীড়াবিদরাও এর ভক্ত। সবাই এখানে ক্রিকেট দেখতে ভালোবাসে। আমরা খুব গর্বিত যে সাকিব আল হাসান এখন থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলালিংকের প্রতিনিধিত্ব করবেন।”

এই উদ্যোগ সত্যিকার অর্থে এমন একজন ব্যক্তির সঙ্গে নেয়া বিশাল পদক্ষেপ, যাকে বাংলাদেশ ভালোবাসে এবং উৎসবমুখর হয়ে ওঠে তার প্রতিটি সাফল্যে। ক্রিকেট বাংলাদেশের সবার কাছে অনন্য ভালোবাসার নাম। বাংলালিংকের সঙ্গে সাকিব আল হাসানের এই নতুন জুটি বাংলাদেশের মানুষের সঙ্গে নতুন বন্ধন সৃষ্টি করবে।

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইলফোন অপারেটর হলো বাংলালিংক; যাদের প্রায় দুই কোটি ৯০ লাখের মতো গ্রাহক রয়েছে। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

বিশ্বের খ্যাতিমান ক্রিকেটার সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন। এই বাঁ-হাতি অলরাউন্ডার মিডল অর্ডারে ব্যাট করেন আর বল করেন অফ স্পিন। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত এবং পরে আবার ২০১২ সালের মার্চ থেকে এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবেই আছেন সাকিব আল হাসান। ২০১১ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটেরও শ্রেষ্ঠ অলরাউন্ডার হন সাকিব। অলরাউন্ডার হিসেবে বর্তমানে তিনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাং কিং-এ দ্বিতীয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট চ্যাম্পিয়নশিপ র্যাং কিং-এ দ্বিতীয় এবং আইসিসি টি-২০ চ্যাম্পিয়নশিপ র্যাং কিং-এ চতুর্থ অবস্থানে রয়েছেন। ২০০৯ সালে সাকিব উইজডেনের ‘টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার’ হিসেবে মনোনীত হন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্বও সাকিবের। তাকে 
বাংলাদেশের যেকোন সময়ের সেরা ক্রিকেটার হিসেবেই মনে করেন ক্রিকেট বোদ্ধারা।
Tag : ,

সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপকহারে কল ড্রপ হচ্ছে


সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপকহারে কল ড্রপ হচ্ছে। আর এর প্রতিকার করতে উদ্যোগ নিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করেছে কমিশন। নির্দেশনায় বলা হয়েছে, কল ড্রপ নামাতে হবে ৩ শতাংশে এবং ৮ সেকেন্ডের মধ্যে সফল কল হতে হবে। আর এর ওপর ভিত্তি করেই পারফম্যান্স বিবেচনায় মোবাইল অপারেটরের রেটিং হবে।

বর্তমানে গ্রাহক অভিযোগ জানাতে ফোন করলে বেশ কয়েক মিনিট অপেক্ষা করেও অনেক সময় অভিযোগ জানাতে পারে না। এই দুর্ভোগ থেকে মুক্তি দিতেই এ বিষয়টি আমলে নেওয়া হয়েছে বলে জানান নির্দেশনা প্রণয়ন কমিটিতে থাকা এক কর্মকর্তা।
এক্ষেত্রে বিটিআরসি স্বল্প মেয়াদী (২ বছরের কম সময়ের মধ্যে বাস্তবায়ন যোগ্য) এবং দীর্ঘ্য মেয়াদী বেশ কিছু প্যারামিটার ঠিক করে দিয়েছে।

নির্দেশনার এক পর্যায়ে বিটিআরসি বলছে, দূর্বল নেটওয়ার্ক, অব্যহত কল ড্রপ এবং গ্রাহকের অসন্তুষ্টির বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। আর এ কারণেই এমন একটি নির্দেশনা তৈরী করেছেন তারা। অভিযোগ গ্রহনের ক্ষেত্রে ইলেক্ট্রনিক বা এসএমএস সংক্রান্ত অভিযোগে শতভাগ ক্ষেত্রে ২০ সেকেন্ডের মধ্যে আমলে নেওয়া এবং ভয়েস অভিযোগের ক্ষেত্রে তা ৩০ সেকেন্ডের মধ্যে আমলে নেওয়ার কথা বলা হয়েছে। তবে এক্ষেত্রে অ্যামটব দাবি করেছে যথাক্রমে ৬০ সেকেন্ড ও ১৮০ সেকেন্ড।

এক্ষেত্রে একসিলেন্ট, গুড, ফেয়ার, পুয়োর এবং ব্যাড-এই পাঁচটি ধাপ করা হয়েছে। নূন্যতম ৯০ শতাংশ নম্বর না পেলে ফেয়ার বা তৃতীয় ধাপে যেতে পারবে না অপারেটররা। বিটিআরসি বলে দিয়েছে, মোবাইল ফোনের গ্রাহকদের ফোন করার ক্ষেত্রে প্রতি ১০০ চেষ্টায় ৯৫ ভাগ ক্ষেত্রে সফল হতে হবে। সেটিও হতে হবে ৮ সেকেন্ডের মধ্যে। না হলে সেটি অপারেটরের নেতিবাচক পয়েন্ট হিসেবে কাজ করবে। গ্রাহকদের অভিযোগের হার কোনো অবস্থায় আড়াই শতাংশের বেশি উঠতে পারবে না। এবং দুই বছরের মধ্যে তা এক শতাংশের নীচে নামিয়ে আনতে হবে। কল ড্রপের হারও এখন তিন শতাংশের নিচে থাকতে হবে আর দুই বছরের মধ্যে তা দুই শতাংশের নীচে নামিয়ে আনতে হবে।

বিভাগীয় শহর, জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত তথ্য সংগ্রহ করে প্রতি মাসের প্রথম সপ্তাহে এ সংক্রান্ত প্রতিবেদন বিটিআরসিকে দিতে হবে অপারেটরদের। পরে বিটিআরসি তা অডিট করে দেখবে। আর তার ভিত্তিতে পরে রেটি প্রকাশ করবেন তারা। মোবাইল ফোন অপারেটরগুলো নির্দেশনাকে স্বাগত জানালেও এক্ষেত্রে দেশী বাস্তবতা এবং আন্তর্জাতিক অনুশীলনকে বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছে।

অন্যদিকে গত ২ জানুয়ারি কমিশন বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত নিলে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব কোনো কোনো ক্ষেত্রে খানিকটা বাড়তি সময় চায়। তবে বিটিআরসি’র শেষ পর্যন্ত সেটি গ্রহন করেনি। এর বাইরে কোন অপারেটরের নেটওয়ার্ক কনজেশানের অবস্থা কি? ভয়েস কোয়ালিটির অবস্থা কি-এ সবই রয়েছে এই ইন্ডিকেটরে।

পারফম্যান্সের ভিত্তিতে মোবাইল ফোন অপারেটরদের রেটিং প্রকাশ করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কোয়ালিটি অব সার্ভিস নির্দেশনার আলোকে অপারেটরগুলোর কার কি পারফম্যান্সে তার ভিত্তিতেই তৈরী হবে এই রেটিং। প্রতি মাসের শেষে যা প্রকাশ করা হবে। গত ২১ জানুয়ারি বিটিআরসি কোয়ালিটি অব সার্ভিস সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। যদিও পূর্ণাঙ্গ নীতিমালা হতে আরো সময় লাগবে। কিন্তু তারপরেও এই নির্দেশনায়ই গ্রাহক সেবার নূন্যতম মানদন্ড বলে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
Tag : ,

বন্ধ করা হচ্ছে ‘অনিবিন্ধত সিম’ ব্যবহারের ফাঁক-ফোকর


বন্ধ করা হচ্ছে ‘অনিবিন্ধত সিম’ ব্যবহারের ফাঁক-ফোকর। গ্রাহকের পরিচয় নিশ্চিত হতে ‘জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ’ যাচাই করেই ‘সিম’ নিবন্ধন করতে হবে অপারেটরদের। এরপরই সচল হবে মোবাইল সংযোগ।

আর সেই লক্ষ্যেই মোবাইল অপারেটরদের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজে প্রবেশের সুযোগ করে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার। স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই উদ্যোগ নিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

এ বিষয়ে ইতিমধ্যেই অ্যাসোসিয়েশন অব মোবাইল ফোন অপারেটরসের (অ্যামটব) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। খুব শিগগিরি তিনি নির্বাচন কমিশনের সঙ্গেও আলাপ করবেন বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব কর্মকর্তাদের।

তবে এই কথা জানানোর একদিন পরই মন্ত্রী জান্ডিসে আক্রান্ত হওয়ায় উদ্যোগটি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্চ-এপ্রিল নাগাদ হয়তো নির্দিষ্ট ফির বিনিময়ে অপারেটররা নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করতে পারবে। নতুন সংযোগ দেয়ার আগে গ্রাহকের দেয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সঙ্গে মূল ডাটাবেজে সংরক্ষিত তথ্য মিলিয়ে দেখার জন্য এ সুযোগ দেয়া হবে।

ভুল তথ্য দিয়ে কেউ যেন মোবাইল সংযোগ নিতে না পারে সেটা নিশ্চিত করতেই এ পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী। তিনি বলেছেন, আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “মোবাইল অপারেটররা যাতে ভোটার তালিকা থেকে গ্রাহকের পরিচয় নিশ্চিত করে সংযোগ চালু করতে পারে সে উদ্যোগ নেয়া হচ্ছে।”

বর্তমানে নতুন সংযোগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান বাধ্যতামূলক হলেও ভুয়া তথ্য দিয়ে সংযোগ নেয়ার অভিযোগ রয়েছে। ভুয়া তথ্য দিয়ে নেয়া এসব সংযোগের মাধ্যমে প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড নির্বাচন কমিশনের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করছে। এখন পর্যন্ত কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে এই ডাটাবেজ ব্যবহারের অনুমতি দেয়া হয়নি।

জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পেলে অপারেটররা অনলাইনে গ্রাহকের পরিচয় ও তথ্য নিশ্চিত করে সিম চালু করার ব্যবস্থা নিতে পারবে। বর্তমানে জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা অন্য কোনো নথি ব্যবহার করে গ্রাহকরা মোবাইল ফোনের সংযোগ নিতে পারে। এর ফলে চাঁদাবাজি, হুমকি, সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ভুয়া সিমের ব্যবহার কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Source:Notun barta

Tag : ,

৩ মিলিয়ন গ্রাহক সংখ্যার মাইলফলক ছুঁতে যাচ্ছে টেলিটক

"৩ মিলিয়ন গ্রাহক সংখ্যার মাইলফলক ছুঁতে যাচ্ছে টেলিটক: অগ্রযাত্রা ঠেকাতে মরিয়া অন্য অপারেটররা!"


খুব শীঘ্রই ৩ মিলিয়ন বা ৩০ লাখ গ্রাহক সংখ্যার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক। বর্তমান গ্রাহক সংখ্যা আর গ্রাহক প্রবৃদ্ধির হার বিবেচনা করে দেখা যাচ্ছে, ৩০ লক্ষ গ্রাহক ছাড়িয়ে যেতে আর খুব বেশি বাকি নেই এই অপারেটরটির।

বাংলাদেশে সবার প্রথমে থ্রিজি চালু, সন্তোষজনক গতি কিন্তু কম খরচ, পূর্বের তুলনায় নেটওয়ার্ক কাভারেজ বৃদ্ধি ইত্যাদি এই গ্রাহক সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

তবে পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, শুধু বেশি সুবিধাই নয়; বরং অন্য অপারেটরদের স্বেচ্ছাচারিতা, অতি মুনাফা লোভের মানসিকতা আর প্রতারণার মুখোশ উন্মোচন হয়ে পড়ায় ক্ষুদ্ধ হয়া গ্রাহক, বিশেষ করে তরুন প্রজন্মের অনেক গ্রাহক এখন টেলিটক কেই শেষ ভরসা হিসেবে বেছে নিচ্ছেন। এছাড়া অনলাইন মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কেও স্বদেশী সিম এবং পণ্য ব্যবহারে উদ্দুদ্ধ করছে বেশ কিছু গোষ্ঠী, এতে সাড়াও মিলছে বেশ। এটিও টেলিটকের অগ্রযাত্রায় অন্যতম ভুমিকা পালন করছে।

সর্বশেষ গত ডিসেম্বর, ২০১৩ তে বিটিআরসির হিসেবে টেলিটকের সক্রিয় গ্রাহক দেখানো হয়েছে ২৮ লাখ ২২ হাজার। আর জানুয়ারি, ২০১৪ এর শেষে এসে এই সংখ্যা প্রায় ২৯ লাখে এসে দাঁড়িয়েছে।

এদিকে টেলিটকের এই অগ্রযাত্রায় রীতিমত গাত্রদাহ শুরু হয়েছে দেশের ৫টি বেসরকারী অপারেটরের। সুস্থ প্রতিযোগীতায় বেশি সুবিধা করতে না পেরে এবার ভিন্ন পথ বেছে নিয়েছে তারা। এর মধ্যে বিশেষ দুটি অপারেটর তাদের নেটওয়ার্কে টেলিটক থেকে কল আসা প্রায় বন্ধই করে ফেলেছে।

বেশ কিছু টেলিটক গ্রাহক প্রমাণ সহ অভিযোগ করেছেন, দেশের বেশ কিছু জেলায় বিশেষ করে যেখানে টেলিটক থ্রিজি চালু হয়েছে; এমন এলাকায় ওই বিশেষ দুটি অপারেটরে কল যাচ্ছে না বললেই চলে। অথচ অন্য যেকোন নাম্বারে কল যাওয়া-আসা পুরোপুরি স্বাভাবিক। বিষয়টি গ্রাহকরা নিজেই বুঝতে পেরে অনেকে সেই অপারেটরদের কাছে গিয়ে এমন তৎপরতার তীব্র প্রতিবাদ জানান।

মজার ব্যাপার হল, ওই সব অপারেটরের কাস্টমার কেয়ার প্রতিনিধি এই অভিযোগ স্বীকার করেননি, আবার নাকচ করেও দেননি। বরং দুই একজন নাম প্রকাশ না করার শর্তে তাদের এই গোপন অপতৎপরতার কথা স্বীকারও করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে টেলিটকের প্রডাক্ট ন ব্রান্ড ডেভেলাপার জনাব হাসনাইন চৌধুরী তাঁর হতাশা জানিয়ে বলেন, 'এমন অভিযোগ সম্পর্কে আমরাও জানতে পেরেছি, কিন্তু গ্রাহকদের জন্য কিছু করতেও পারছি না। কারণ এটি টেলিটকের কোন সমস্যা নয়। টেলিটকের সমস্যা থাকলে কোন অপারেটরেই কল যেত না। বর্তমানে টেলিটকের গ্রাহক সক্ষমতা আর সুইচিং ক্যাপাসিটি প্রায় ১ কোটিতে দাঁড়িয়েছে, তাই এখন তো নয়ই বরং অদুর ভবিষ্যতেও টেলিটকের ওভারলোড সমস্যা হবে না। আর এই অন্যায় কর্মকান্ড নাকের ডগার উপর দিয়ে ঘটলেও কোন প্রমাণের সুযোগ না থাকায় আইনগত কোন ব্যবস্থাও নেয়া যাচ্ছে না। তবে মন্ত্রনালয়ে অভিযোগ করে নবনিযুক্ত মাননীয় মন্ত্রী এই ব্যাপারে কোন ভুমিকা রাখতে পারেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে'।

খোজ নিয়ে জানা গেছে, ঢাকা আর তার আশেপাশে টেলিটক কর্তৃপক্ষের নজরদারী বেশি থাকায় তারা এই নেটওয়ার্ক সমস্যার মাধ্যমে গ্রাহকদের টেলিটকের প্রতি ক্ষিপ্ত করার কাজটি করছে দুরের জেলাগুলোতে। বিশেষ করে খুলনা আর উত্তরবঙ্গ থেকে বেশী অভিযোগ এসেছে।

কে এই দুই অপারেটর: 'বহুদুর চলা' র স্লোগানে থ্রিজি তে যাত্রা শুরু করা এই অপারেটর প্রথমেই সমালোচিত হয় তাদের উচ্চমুল্য আর এলিট এলাকায় থ্রিজি চালুর ঢাক-ঢোলের প্রচারণার কারণে। যেখানে তাদের টুজির উচ্চমুল্যেই গ্রাহক অতিষ্ঠ, সেখানে এই মুল্যকে বেঞ্চমার্ক ধরে তারা থ্রিজি মুল্য নির্ধারণ করে আরো ৫০%-২০০% বেশি দামে। এছাড়া তাদের ৮ জিবির আনলিমিটেড (!) নামের প্রহসন ক্ষুদ্ধ করে তোলে সকল গ্রাহককে।

টেলিটকের কল অটো-ড্রপ করার নেতৃত্বে আছে এই অপারেটরটি। এছাড়াও প্রথমে যুক্ত না থাকলেও পরে একই ধারা অনুসরণ করে প্রতিবেশী একটি রাষ্ট্রের মালিকানাধীন অপারেটর, যাদের এদেশে যাত্রা থেকে শুরু করে কর-ফাকি, গোপন টেলি-ট্রানজিট সহ আরো নানা গুরুতর অভিযোগ রয়েছে।

বলা বাহুল্য, অন্য অপারেটরদের থ্রিজির প্রকৃত দশা দেখে মোহভঙ্গ হয় গ্রাহকদের, টেলিটকের থ্রিজি গ্রাহক বৃদ্ধি বাড়তে থাকে হু হু করে। অনেকেই সোশ্যাল নেটওয়ার্কে টেলিটকের প্রশংসা আর অন্য অপারেটরদের দের বর্জনের আহবান জানাতে থাকেন। এই বিষয়টি নিয়ে 'অন্যদের প্রতি ক্ষুদ্ধতা, টেলিটকের প্রতি ভালোবাসা!' শীর্ষক প্রতিবেদনও প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।
Tag : ,

রানা প্লাজায় নিহতদের স্বজনদের পাশে এয়ারটেল


গত বছর সাভারে ধ্বসে পড়া রানা প্লাজায় নিহতদের স্বজনদের পাশে দাঁড়ালো মোবাইল ফোন অপারেটর এয়ারটেল। আজ বুধবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে সাভারের রানা প্লাজার ধসে নিহতদের স্বজনদের হাতে রিচার্জ রিটেইলার কিট তুলে দেয় প্রতিষ্ঠানটি।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬১ জনের পরিবারকে এয়ারটেল হ্যান্ডসেট, রিচার্জ লোড, এয়ারটেল ব্র্যান্ড করা শপ কিওস্ক, এয়ারটেল লোগোসমৃদ্ধ ছাতা প্রদান করে। এই আয়োজনের পুরো অর্থই এসেছে এয়ারটেলের কর্মীদের বেতন থেকে। আর এ জন্যই আয়োজনটিকে নিজেদের অন্তর থেকে করা হয়েছে বলে উল্লেখ করেন এয়ারটেলের চিফ হিউম্যান রিসোর্স অফিসার নূর মোহাম্মদ।

এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রজনীশ কাউল বলেন, এটি কোনো অনুদান নয়,এটি আমাদের উপহার। এ ধরনের দুর্ঘটনা যেন আর কোথাও না ঘটে। তবে ওই মর্মান্তিক দুর্ঘটনার পর সারা বাংলাদেশ একযোগে এগিয়ে এসেছিল। এটি ছিল খুবই ইতিবাচক দিক। বক্তব্য পর্ব শেষে রজনীশ কাউল নিহতদের স্বজনদের হাতে উপহার তুলে দেন। এ সময় আরো ছিলেন এয়ারটেলের হেড অব সেলস এ এস এম গোলাম তওহীদ, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, হেড অব লিগ্যাল সাকিব সিকদার। এই উদ্যোগের আওতায় ক্ষতিগ্রস্তরা এয়ারটেল রিটেইলার হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

রিটেইলার হিসেবে যেন এসব মানুষ জীবিকা নির্বাহ করতে পারেন সে জন্য তাদের যথাযথ প্রশিক্ষণও দেওয়া হবে। এয়ারটেল বিশ্বাস করে, এই উদ্যোগের মাধ্যমে রানা প্লাজার দুর্ঘটনার দুর্গতরা স্বাবলম্বী হয়ে আয় নিশ্চিত করতে পারবেন।

গ্রামীণফোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


বিভিন্ন লোভনীয় অফার দিয়ে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের প্রতারণা করছেন বলে অভিযোগ এনেছেন চট্টগ্রামের এক আইনজীবী।বুধবার রাতে গ্রামীনফোনের দেওয়া অফারে প্রতারণার অভিযোগ এনে চট্টগ্রামের ইপিজেড থানায় মামলা করতে যান চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী এইচ এম হাবিবুর রহমান।
এতে তিনি গ্রামীনফোনের ১৪ কর্মকর্তাকে বিবাদী করেন। কিন্তু টেলিকমিউনিকেশন আইনের বাধ্যবাধকতার বিষয় উল্লেখ করে ইপিজেড থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেননি। অভিযোগকারী জানান, এর আগে গত সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি অভিযোগ আকারে দেওয়া হয়েছিলো। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন আইনের প্রসঙ্গ উল্লেখ করে এজাহার রেকর্ড করছেন না পুলিশ। তিনি পুনরায় আদালতে যাবেন বলে জানিয়েছেন।
চট্টগ্রাম ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুর বৃহস্পতিবার সকালে বলেন, যেহেতু এই সব মামলা গ্রহণের ক্ষমতা আমাদের নেই, সেহেতু তিনি টেলিযোগাযোগ কমিশনে অভিযোগ করলে ভালো হয়। তারা যদি আমাদের কাছে অভিযোগটি হস্থান্তর করেন তবেই আমরা তদন্ত করতে পারবো। তখন মামলাও রেকর্ড করা হবে।
এই বিষয়ে অভিযোগকারী অ্যাডভোকেট এইচ এম হাবিবুর রহমানের যোগাযোগ করা হলে তিনি বলেন, টেলিকমিউনিকেশন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি এবং তিনি বলেছেন তারা সব থানায় মামলা নেওয়ার জন্য নির্দেশ পাঠিয়েছেন। কিন্তু সিএমপির ইপিজেড থানার কর্মকর্তা এখানে নতুন এসেছেন এবং তিনি এই বিষয়ে কোনো নির্দেশনা পাননি বলে আমাকে জানিয়েছেন। যখনই নির্দেশনা পাবেন তখনই তিনি মামলা রেকর্ড করবেন।
মামলার বাদী তার অভিযোগে বলেছেন , ১০ টাকার বিনিময়ে গ্রামীণ থেকে গ্রামীণ নম্বরে ৪০ মিনিট (প্রতি মিনিট ২৫ পয়সায়) কথা বলার প্রলোভন দেখিয়ে ভ্যাটসহ আমার ১১ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হয়। গ্রামীণফোন থেকে এসএমএস পাঠিয়ে আমার এসএমএস পাওয়ার স্বীকারোক্তিও জানানো হয়। অথচ আমি অফারটি ভোগ করতে পারিনি। এর আগেই আমার ব্যালেন্স শূন্য হয়ে যায়।’
পরে গ্রামীণফোন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে কিছু করণীয় নেই বলে আমাকে জানায়। এভাবে জনগণের বিশ্বাস ভঙ্গ করায় জনস্বার্থে অভিযোগটি এনেছি। মামলাটি হলে এতে কোটি কোটি গ্রাহক প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।
Source:হ্যালোটুডে
Tag : ,

টাওয়ার বিক্রি করবে এয়ারটেল


তহবিল সংগ্রহের জন্য বাংলাদেশে নিজেদের নেটওয়ার্ক টাওয়ার বিক্রি করবে ভারতীয় মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল।
বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও আফ্রিকায় নিজেদের নেটওয়ার্ক বিক্রি করে দুই বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৬০০০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ থেকে ২০ কোটি ডলার বা ১৬০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকা দি ইকোনমিক টাইমস জানিয়েছে, সুনীল মিত্তালের মালিকানাধীন এয়ারটেল তাদের আফ্রিকা ও বাংলাদেশের টাওয়ারগুলো বিক্রির আলাদা আলাদা প্রস্তাব পেয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশের ৪০০০ টাওয়ার বিক্রির কথা ভাবছে প্রতিষ্ঠানটি।
আবুধাবী গ্রুপের ওয়ারিদ টেলিকমের ৩০ শতাংশ ক্রয়ের মাধ্যমে গত বছর বাংলাদেশের বাজারে ঢোকে এয়ারটেল। দিল্লির প্রধান কার্যালয় টেলকো থেকে জানানো হয়, দক্ষিণ এশিয়ার এ দেশটিতে ৬০ লাখেরও বেশি গ্রাহক রয়েছে তাদের। অন্যদিকে আফ্রিকার ১৭টি দেশে গ্রাহক সংখ্যা ৬ কোটির কিছু বেশি।
আফ্রিকার ১৫ হাজার টাওয়ার বিক্রি করে ১৫০ থেকে ১৮০ কোটি ডলার পাবে বলে আশা করছে এয়ারটেল।

Source:poriborton dot com
Tag : ,

গ্রামীণফোন ও এয়ারটেলের বরাদ্দ দেওয়া স্পেকট্রাম চায় টেলিটক


দেশের একমাত্র সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক নিজেদের বরাদ্দ থ্রিজি স্পেকট্রাম বদলে নিতে আবেদন জানিয়েছে। তাদের দাবি, গ্রামীণফোন ও এয়ারটেলকে বরাদ্দ দেয়া নিচের দিককার শক্তিশালী স্পেকট্রাম পেতে তারা অন্তত দেড় বছর আগে আবেদন করেছিল। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর সর্বশেষ বিটিআরসি ১৬৩তম বৈঠকে এ বিষয়ে উপস্থাপন করেছে।
এ ব্যাপারে টেলিটকের রেগুলেটরি অ্যাফেয়ারসের ডিজিএম মো. মনিরুজ্জামান প্রিয়.কমকে বলেছেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলে আমাদের সব সময়ই অগ্রাধিকার ছিল। নিলামে আমাদের অংশগ্রহণও করতে হয়নি। দেশে সবার আগে পরীক্ষামূলক থ্রিজি সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। সে হিসেবে টেলিটক যৌক্তিকভাবেই স্পেকট্রাম পেতে আবেদন করেছে। তবে তিনি টেলিটকের আবেদন করা স্পেকট্রামের একটি খারাপ দিকের কথাও জানিয়েছেন। তিনি বলেছেন, নিচের দিকের স্পেকট্রাম শক্তিশালী হলেও তা ঢাকার বাইরের জেলাগুলোর জন্য প্রযোজ্য। কিন্তু ঘনবসতি এলাকায় নিচের দিককার স্পেকট্রাম ভালভাবে কাজ করে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের শুরুতে থ্রিজি’র জন্য ১৯৬০-১৯৭০ মেগাহার্টজ আপলিংক এবং ২১৫০-২১৬০ মেগাহার্টজে ডাউনলিংক নেয় টেলিটক। এখন সেটি বদলে ১৯৩০-১৯৪০ মেগাহার্টজে আপলিংক এবং ২১২০-২১৩০ মেগাহার্টজে ডাউনলিংক চাইছে তারা। আর সেটিও না হলে একটি বিকল্প হিসেবে তারা চেয়েছে ১৯৪০-১৯৫০ মেগাহার্টজে আপলিংক এবং ২১৩০-২১৪০ মেগাহার্টজে ডাউনলিংক।
সম্প্রতি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে এমন প্রস্তাব টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠিয়েছে। বিটিআরসি অবশ্য ইতোমধ্যেই এমন প্রস্তাব বাতিল করে দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, টেলিটক বা মন্ত্রণালয়ের যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করলেই নিলামের মাধ্যমে বরাদ্দ করা স্পেকট্রাম পুনসজ্জা করতে হবে। ব্যাখ্যা হিসেবে তারা বলছেন, থ্রিজি’র জন্য সব মিলে স্পেকট্রাম আছে ৭০ মেগাহার্ডজ। অত্যন্ত শক্তিশালী এই স্পেকট্রামের অবস্থান আপলিংকে ১৯২০-১৯৬০ এবং ডাউনলিংকে ২১২০-২১৭০ পর্যন্ত।
আগেই ১৯৬০-১৯৭০ মেগাহার্টজে আপলিংক এবং ২১৫০-২১৬০ মেগাহার্টজে ডাউনলিংক দশ মেগাহার্টজ বাদ রেখে নীচের ২৫ মেগাহার্টজ বরাদ্দ নিয়েছে ৪টি অপারেটর। সেক্ষেত্রে এখন খালি আছে কেবল একেবারে নীচের দিকের ১৫ মেগাহার্টজ। এই ১৫ মেগাহার্টজ নিয়ে বিটিআরসি’র আরো বড় রকমের পরিকল্পনা আছে বলে জানা গেছে। এখান থেকে টেলিটককে দেওয়া হলে তখন বিটিআরসি’র খালি থাকা স্পেকট্রাম দুটি ভিন্ন ভাগে পড়ে যাবে। যেটি আর ভবিষ্যতে বেশী মূল্যে বিক্রি করা যাবে না।
source:(প্রিয় টেক)
Tag : ,

স্পেকট্রাম ফি বাবদ ঋণ পেতে পারে টেলিটক

অর্থ সংকটে থাকা রাষ্ট্রায়াত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকে ঋণ দেয়ার কথা চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। তার আগে প্রতিষ্ঠানটির কি পরিমাণ সম্পদ আর দায় দেনা আছে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়া হবে। সম্প্রতি টেলিটকের থ্রিজি স্পেকট্রামের সাড়ে ১৬০০ কোটি টাকার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়েছে। ২০১২ সালের অক্টোবর মাসে টেলিটক বাংলাদেশে প্রথম থ্রিজি সেবা প্রবর্তন করে। তখন থেকে এখনো পর্যন্ত তাদের সেবাকে বলা হচ্ছে ‘পরীক্ষামূলক থ্রিজি সেবা’। এমনকি জটিলতা এড়াতে পরীক্ষামূলক সময়টি আগামী এপ্রিল পযর্ন্ত বাড়ানো হয়েছে। বেসরকারি অপারেটররা যাতে ঝামেলা না করতে পারে তার জন্যে পরীক্ষামূক সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে বেসরকারি অপারেটরগুলো বলছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যদি টেলিটককে অযাচিতভাবে বাড়তি সুবিধা দিয়ে দেয় তাহলে তারাও এ বিষয়ে চিন্তা করতে পারেন। প্রয়োজনে আইনের আশ্রয়ও নিতে পারেন। এদিকে গত বছর সেপ্টেম্বর মাসে চারটি বেসরকারি অপারেটরও একটি নিলামের মাধ্যমে থ্রি জি লাইসেন্স পায়। নিলামে তাদের জন্যে নির্ধারিত স্পেকট্রাম ফি ছিল প্রতি মেগাহার্ডজ ২১ মিলিয়ন ডলার।
নিলামে নির্ধারিত মূল্যে এখন টেলিটককেও স্পেকট্রামের একই মূল্যে নিতে হবে। টেলিটকের থ্রিজি স্পেকট্রাম আছে ১০ মেগাহার্ডজ। সে অনুসারে বিটিআরসি’র তাদের কাছে কেবল স্পেকট্রাম ফিই আছে ২১ কোটি ডলার। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট। তবে গত ২৩ অক্টোবর থ্রি জি’র সাড়ে ১০ কোটি টাকার লাইসেন্স ফি দিয়ে দিয়েছে অপারেটরটি। ডিসেম্বরের শেষ সপ্তাহে টেলিটক স্পেকট্রাম ফি’র সাড়ে ১৬’শ কোটি টাকার মধ্যেও ৫০ কোটি টাকা পরিশোধ করেছে।
Source:(প্রিয় টেক)

Tag : ,

সেবা দিতে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)


সেবা দিতে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মাধ্যমে স্মার্ট ফোন থেকে ডিএমপিতে জরুরি যোগাযোগ করা যাবে।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ।

তিনি জানান, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে জরুরি প্রয়োজনে দ্রুত ডিএমপির হেল্পলাইনে ফোন ও ইমেইল করা যাবে। পাওয়া যাবে রাজধানীর সব থানার ওসি, ডিউটি অফিসারের ফোন নম্বর ও থানায় যেতে গুগল ম্যাপের মাধ্যমে পথ নির্দেশিকা।

বেনজির আহমেদ জানান, কারো জরুরি রক্তের প্রয়োজনে ডিএমপির ব্লাড ব্যাংকের সেবা নেয়া যাবে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। ট্রাফিক ও নারী সহায়তা বিভাগের বিভিন্ন সেবা এ মাধ্যমে সহজেই পাওয়া যাবে।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে http://goo.gl/UKdJoZ
Tag : ,

"দোয়েল নেটবুক" অর্ধেকে দামে মাত্র ৫ হাজার টাকায়



অবশেষে মুখ থুবড়ে পড়া "দোয়েল নেটবুক" অর্ধেকে দামে মাত্র ৫ হাজার টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে টেলিফোন শিল্প সংস্থা টেশিস। বছরের প্রথম দিন দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এই ঘোষণা দেয়ার পর থেকেই নেটবুক কিনতে নির্ধারিত ৩টি বিক্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টেশিস গ্রাহক সেবা কেন্দ্র থেকে এ বি সিদ্দিক প্রিয়.কমকে জানিয়েছেন, আমাদের যথেষ্ট পরিমাণ স্টক আছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আমাদের সাশ্রয়ী মূল্যে নেটবুক বিক্রি অব্যাহত থাকবে।

টেশিস সূত্রে জানা গেছে, মাত্র ৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে দেশী ব্র্যান্ডের প্রাইমারি-২১০২ মডেলের নেটবুক। বুধবার থেকে গুলিস্তানের বিটিসিএল ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার, গাজীপুরের টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিপণন সেন্টার এবং খুলনার বিসিএল ওয়ান পয়েন্ট থেকে বিক্রি করা হচ্ছে সাশ্রয়ী মূল্যের এই নোটবুক।

এসব বিক্রয় সেন্টার থেকে দোয়েল এর সবচেয় কম মূল্য ১০ হাজার ৫০০ টাকার নেটবুক বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকায়। ৩২০ জিবি ধারণ ক্ষমতার বেসিক ০৭০৩পি বিক্রি করা হচ্ছে ১৩ হাজার ৩০০ টাকায়। এর পূর্বমূল্য ছিল ১৫ হাজার ৫০০ টাকা। এছাড়াও একই মডেলের ২৫০জিবি হার্ডডিস্ক এর নোটবুক বিক্রি করা হচ্ছে ১৩ হাজার টাকায়। পূর্বমূল্য ২০ হাজার ৩০০ টাকার স্ট্যান্ডার্ড ২৬০৩ মডেলের নোটবুক ১৪ হাজার, অ্যাডভান্স-১৬১২ নোটবুক ১৪ হাজার, অ্যাডভান্স ১৬১২ মডেল ২০ হাজার এবং ১৬১২ই মডেল বিক্রি করা হচ্ছে ২১ হাজার টাকায়।
Tag : ,

- Copyright © Mobile gedgets - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -